শিক্ষার্থীদের প্রতি বছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের প্রতিটি শিক্ষার্থীকে প্রতি বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বৃক্ষরোপণের সুফল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন ও উৎসাহিত করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আজ সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (সাবেক চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) উন্মুক্ত চত্বরে একটি নিম গাছের চারা রোপণ করে দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে দেশের ২৯ হাজারেরও বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হলো।
গাছ লাগানোর উপকারিতা তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি ঐতিহাসিক স্মৃতি স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, সৌদি আরবের তৎকালীন সফরে আরাফাতের ময়দানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে নিমগাছের চারা রোপণ করেছিলেন। আজ সেই গাছগুলো বিশাল আকৃতি ধারণ করেছে এবং স্থানীয় মানুষ সেগুলোকে পরম যত্নে 'জিয়া ট্রি' নামে চেনে। প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষায় এই ধরনের পরিবেশবান্ধব উদ্যোগে শামিল হওয়ার তাগিদ দেন।
বৃক্ষরোপণ কর্মসূচির আগে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) একটি চৌকস দলের কাছ থেকে 'গার্ড অব অনার' গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরবর্তীতে ক্যাডেটদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, "জনপ্রতিরক্ষায় বিএনসিসির ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই দেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিএনসিসির কার্যক্রম আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে সরকার ইতিবাচক উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছে।"
তিনি আরও আশ্বাস দেন যে, সময়ের চাহিদার সঙ্গে সংগতি রেখে বিএনসিসির সামগ্রিক প্রশিক্ষণ কার্যক্রমকে আরও যুগোপযোগী ও আধুনিক করতে সরকার প্রয়োজনীয় বিনিয়োগ ও সব ধরনের সহায়তার ব্যবস্থা করবে।
Comments