তীব্র দাবদাহে প্যারিসে জনসমক্ষে মদ্যপান ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা
ইউরোপজুড়ে চলমান তীব্র দাবদাহের কারণে ফ্রান্সের রাজধানী প্যারিসের হাসপাতালগুলোর ওপর চাপ কমাতে এক জরুরি সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। জনসমক্ষে মদ পান এবং বিক্রির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, শুক্রবার দুপুর থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত এবং একইভাবে শনিবার থেকে রোববার সকাল ৭টা পর্যন্ত প্যারিসের প্রকাশ্য স্থানে মদ্যপান ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে লাইসেন্সপ্রাপ্ত বার এবং রেস্তোরাঁগুলো এই নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখা হয়েছে।
ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানিয়েছেন, দাবদাহের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের কর্মী সংখ্যা বাড়ানো হয়েছে এবং ঝুঁকিতে থাকা মানুষদের সুরক্ষায় স্বাস্থ্য সতর্কতার মাত্রা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে।
প্যারিসের পুলিশ প্রধান প্যাট্রিস ফোর স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, 'তীব্র গরমের কারণে আমরা হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়ার সক্ষমতার একদম শেষ পর্যায়ে পৌঁছে যাচ্ছি।'
ফ্রান্সে গত বুধবার টানা দ্বিতীয় দিনের মতো উষ্ণতম দিন রেকর্ড করা হয়েছে। দেশটির আবহাওয়া অফিস জানায়, বুধবার রাতে দেশের গড় সর্বনিম্ন তাপমাত্রাই ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। এমনকি উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর নানতেসে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট জনগণকে চলাফেরার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, এই গরমে শুধু বয়োবৃদ্ধরাই নন, তরুণরাও চরম ঝুঁকিতে রয়েছেন। তিনি জানান, প্রচণ্ড গরমে তরুণদের মধ্যেও এখন 'কার্ডিয়াক অ্যারেস্ট' বা হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। প্যারিসের অ্যাম্বুলেন্স সার্ভিস গত ২৪ ঘণ্টায় স্বাভাবিক সময়ের তুলনায় চার গুণ বেশি কার্ডিয়াক অ্যারেস্টের রোগী পেয়েছে।
প্যারিসের মেয়র ইমানুয়েল গ্রেগোয়ার জানিয়েছেন, রাজধানীতে হিটস্ট্রোকে মৃত্যুর হার ক্রমেই বাড়ছে। ফরাসি টেলিভিশনে তিনি বলেন, তরুণদের নিজেদের বিপদমুক্ত ভাবা উচিত নয়।
রাস্তায় মানুষের অসচেতনতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মেয়র বলেন, 'গত রাত সাড়ে ৭টার দিকেও আমি রাস্তায় শ'খানেক মানুষকে জগিং করতে দেখেছি। সত্যি বলতে, এই পরিস্থিতিতে এটি একটি চরম দায়িত্বজ্ঞানহীন কাজ। এই কয়েক দিন ব্যায়াম থেকে বিরতি নিলে কোনো সমস্যা হতো না।'
স্পেন, যুক্তরাজ্য ও ফ্রান্সে কয়েক দিন ধরে তাণ্ডব চালানো এই দাবদাহ এখন পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। জার্মানি এবং চেক প্রজাতন্ত্রের আবহাওয়াবিদরা চরম প্রতিকূল পরিস্থিতির পূর্বাভাস দিয়েছেন। শুক্রবার জার্মানির তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে এবং চেক প্রজাতন্ত্রের একটি বড় অংশে চরম আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধান সাইমন স্টিয়েল সতর্ক করে বলেছেন, "ইউরোপের এই ভয়াবহ তাপপ্রবাহে জলবায়ু সংকটের স্পষ্ট ছাপ রয়েছে।" পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি দ্রুত নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং বন রক্ষার ওপর বিশেষ জোর দেন।
Comments