দেশে মাদকাসক্ত ৮২ লাখ- জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মাদক কারবারিদের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে কার্যকর অভিযান চালাতে এখন থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের আধুনিক অস্ত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (২৫ জুন) আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ১৫টি বেসরকারি মাদক পুনর্বাসন কেন্দ্রের হাতে অনুদানের চেক হস্তান্তর করা হয়।
বিদ্যমান আইনের সীমাবদ্ধতা এবং অধিদপ্তরের সক্ষমতার অভাব তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান আইন দিয়ে মাদকের বিরুদ্ধে কার্যকর লড়াই করা যাচ্ছে না। মাদক চক্রগুলোর নিজস্ব সশস্ত্র গ্রুপ থাকলেও অভিযানে যাওয়া অধিদপ্তরের পরিদর্শকদের কাছে কোনো অস্ত্র নেই। এই পরিস্থিতিকে তিনি 'ঢাল-তলোয়ারবিহীন নিধিরাম সর্দারের' সঙ্গে তুলনা করেন।
তিনি আরও জানান, মাদক শনাক্তকরণে পর্যাপ্ত পরীক্ষাগার (ল্যাব) নেই, যার ফলে জব্দ হওয়া মাদকের দ্রুত পরীক্ষা ও আইনি প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এছাড়া, আসামিদের গ্রেপ্তারের পর থানায় হস্তান্তরের আগে রাখার জন্য অধিদপ্তরের নিজস্ব কোনো হাজতখানাও নেই।
মাদক নির্মূলে সরকারের নেওয়া দুটি বড় পদক্ষেপের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বর্তমানে মাদকসংক্রান্ত প্রায় ৮০ হাজার মামলা বিচারাধীন রয়েছে। এই বিপুল মামলার জট কমাতে ও দ্রুত বিচারের জন্য 'স্পেশাল ট্রাইব্যুনাল' গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে। এর পাশাপাশি প্রথাগত আদালতেও বিচার কাজ চলবে। আগামী কয়েক দিনের মধ্যে 'মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন'-এর সংশোধনী বিল জাতীয় সংসদে তোলা হবে। সংশোধিত এই আইনে অধিদপ্তরের জন্য নিজস্ব হাজতখানা নির্মাণ, পরিবহন সুবিধা, ডগ স্কোয়াড এবং আধুনিক অস্ত্র সরবরাহের আইনি ব্যবস্থা রাখা হচ্ছে।
অপরাধের ধরন বদলে যাওয়ার বিষয়ে সতর্ক করে সালাহউদ্দিন আহমদ বলেন, "এখন অনলাইনে মাদক কেনাবেচা হচ্ছে। সেই অর্থ অবৈধ পথে পাচার হচ্ছে এবং মানি লন্ডারিংয়ের মাধ্যমে সম্পদ অর্জন করা হচ্ছে।"
তিনি জোর দিয়ে বলেন, প্রযুক্তির সহায়তায় গড়ে ওঠা এই নতুন ধরনের অপরাধ মোকাবিলা করতে হলে একটি শক্তিশালী আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা এখন সময়ের দাবি। এসব সক্ষমতা বৃদ্ধির পর দেশজুড়ে আরও জোরালো অভিযান পরিচালনা করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
Comments