তিন নারীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনাঢ্য ব্যক্তি বিল গেটস তিন নারীর সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছেন। মার্কিন প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটিকে দেওয়া এক রুদ্ধদ্বার সাক্ষ্যপর্বে তিনি এই জবানবন্দি দেন।
যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক প্রয়াত জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের বিষয়ে গত ১০ জুন বিল গেটস এই সাক্ষ্য দিয়েছিলেন। গতকাল মঙ্গলবার (২৩ জুন, ২০২৬) মার্কিন কমিটি এই সাক্ষ্যের একটি অনুলিপি প্রকাশ করার পর বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে নতুন করে আলোচনায় আসে।
কয়েক ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদের মুখে বিল গেটস তিন নারীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করেন, যার মধ্যে দুজনের নাম তিনি নিজেই উল্লেখ করেছেন। মিলা আন্তোনোভা: রুশ ব্রিজ (তাস) খেলোয়াড়। কারিমা নিগমাতুলিনা: রুশ পারমাণবিক পদার্থবিদ। অ্যালিস জ্যাকবস নেসেলরোদত: মার্কিন চিকিৎসা-উদ্যোক্তা ও বিজ্ঞানী। ২০১১ সালে এপস্টেইনের সঙ্গে পরিচয় হওয়ার আগেই অ্যালিসের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলে দাবি করেন গেটস।
জবানবন্দিতে বিল গেটস জোর দিয়ে বলেন, জেফরি এপস্টেইনের কোনো ধরনের যৌন নিপীড়নের ঘটনা তিনি কখনো নিজের চোখে দেখেননি। তবে এপস্টেইনের সঙ্গে সময় কাটানোটা তাঁর জীবনের একটি 'বড় ভুল' ছিল।
বিল গেটস ইঙ্গিত দেন, দুই রুশ নারীর সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি জানার পর এপস্টেইন তাঁকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছিলেন। তবে সেই চেষ্টা সফল হয়নি। এ বছরের ফেব্রুয়ারিতে বিল গেটস তাঁর নিজস্ব দাতব্য সংস্থা 'বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন'-এর কর্মীদের কাছে দুটি সম্পর্কের কথা স্বীকার করলেও তখন বিস্তারিত কিছু জানাননি।
সাক্ষ্য চলাকালীন কংগ্রেস সদস্যরা বিল গেটসকে ২০১৩ সালের জুলাই মাসের একটি ই-মেইল দেখান, যা এপস্টেইন নিজেই নিজেকে পাঠিয়েছিলেন। সেখানে বিজ্ঞানী অ্যালিস জ্যাকবসের নাম উল্লেখ ছিল। এর আগে মার্কিন বিচার বিভাগ প্রকাশিত নথিতে গেটসের নাম কালো কালি দিয়ে গোপন রাখা হয়েছিল।
মার্কিন বিচার বিভাগ গত বছরের ডিসেম্বর থেকে এপস্টেইন-সংক্রান্ত যেসব গোপন নথি প্রকাশ শুরু করে, সেখানে গেটসকে নিয়ে কিছু বিব্রতকর দাবি করা হয়। ২০১৩ সালে নিজের জন্য লেখা এক চিঠিতে এপস্টেইন দাবি করেছিলেন, রুশ নারীদের সঙ্গে সম্পর্কের পর বিল গেটস একটি যৌনবাহিত রোগে আক্রান্ত হয়েছিলেন এবং তৎকালীন স্ত্রী মেলিন্ডা গেটসকে গোপনে দেওয়ার জন্য অ্যান্টিবায়োটিক চেয়েছিলেন।
রূদ্ধদ্বার জবানবন্দিতে বিল গেটস এই অভিযোগটি জোরালোভাবে অস্বীকার করেছেন। তবে তিনি স্বীকার করেন, কোনো একটি সম্পর্কের কারণে তিনি সংক্রমিত হয়ে থাকতে পারেন বলে মনে মনে আশঙ্কা করেছিলেন। তবে চূড়ান্তভাবে তাঁর কখনো কোনো যৌনবাহিত রোগ হয়নি এবং এপস্টেইনের চিঠির দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেন বিল গেটস।
Comments