হরমুজে নিয়ন্ত্রণ ছাড়ছে না তেহরান, স্পষ্ট বার্তা ইরানের
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর হরমুজ প্রণালি নিয়ে নতুন অবস্থান তুলে ধরেছে ইরান। দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথের প্রশাসনিক নিয়ন্ত্রণ তেহরানের হাতেই থাকবে এবং এটি আর কখনোই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না। একইসঙ্গে তিনি আলোচনায় লেবানন, তেল নিষেধাজ্ঞা ও জব্দ থাকা অর্থ ছাড়ের বিষয়ে অগ্রগতির কথাও জানিয়েছেন।
সংবাদমাধ্যম ফ্রান্স ২৪ বলছে, মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া সংঘাত নিরসনের লক্ষ্যে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনার পর মোহাম্মদ বাঘের গালিবাফ একথা জানা। মধ্যস্থতাকারীরা বলছেন, ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দিয়ে নৌ চলাচল সচল রাখতে যোগাযোগের একটি ব্যবস্থা গড়ে তুলতে এবং লেবাননে সংঘাত বন্ধে কাজ করতে সম্মত হয়েছে।
আলোচনা শেষে দেশে ফিরে গালিবাফ বলেন, 'হরমুজ প্রণালি আর কখনোই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না। আন্তর্জাতিক আইন অনুযায়ী এর প্রশাসনিক তত্ত্বাবধান ইসলামি প্রজাতন্ত্র ইরানের হাতেই থাকবে।'
রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনার বরাতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গালিবাফের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, সুইজারল্যান্ডের বিলাসবহুল পর্যটনকেন্দ্র বার্গেনস্টকে অনুষ্ঠিত আলোচনায় 'ভালো অগ্রগতি' হয়েছে।
তিনি বলেন, 'আমার মতে, এই সফর থেকে ভালো কিছু অর্জন হয়েছে। বিশেষ করে প্রণালি-সংক্রান্ত আলোচনা, লেবানন ইস্যু, তেল নিষেধাজ্ঞা শিথিলের প্রশ্ন এবং জব্দ থাকা অর্থ ছাড় করার বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।'
Comments