পবিত্র আশুরা: তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর আইন-শৃঙ্খলা রক্ষা ও তাজিয়া মিছিলের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী শুক্রবার (২৬ জুন) ১০ মহররম দেশজুড়ে পবিত্র আশুরা উদযাপিত হবে।
মঙ্গলবার (২৩ জুন) ডিএমপি সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ জুন পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল বের হবে। এসব মিছিলে কিছু ব্যক্তিকে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি ও লাঠি ইত্যাদি নিয়ে অংশ নিতে দেখা যায়, যা অনেক সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করে। এটি ধর্মপ্রাণ নগরবাসীর মনে আতঙ্ক সৃষ্টির পাশাপাশি জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
এছাড়া মহররম মাসে আতশবাজি ও পটকা ফোটানোর মতো কর্মকাণ্ড ঘটে থাকে, যা এই দিনের ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে একেবারেই সংগতিপূর্ণ নয়।
এর পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ক্ষমতাবলে, তাজিয়া মিছিলের নিরাপত্তা নিশ্চিত করতে মিছিলে সব ধরনের দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, তাজিয়া মিছিলের শুরু থেকে শেষ সময় পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
Comments