আওয়ামী লীগের অপতৎপরতা রুখতেই ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা রুখতেই দেশের ছয়টি জেলা ও মহানগরে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
আজ সোমবার (২২ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসকক্ষের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সেনা মোতায়েনের কারণে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী তা নাকচ করে দেন। তিনি দাবি করেন, "দেশে আইনশৃঙ্খলার কোনো অবনতি হয়নি। বিগত যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সার্বিক পরিস্থিতি অনেক ভালো ও শান্ত রয়েছে।"
বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে তিনি বলেন, "সভা-সমাবেশ করা বিরোধী দলগুলোর গণতান্ত্রিক অধিকার, এর মাধ্যমেই গণতন্ত্র বিকশিত হচ্ছে। তবে নিষিদ্ধ মাফিয়া সংগঠন আওয়ামী লীগ বিভিন্ন জেলায় অপতৎপরতা চালিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করতে পারে। তাই প্রয়োজনীয় ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর শক্তি বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউনসহ অন্যান্য কর্মসূচি পালন করছে, যার মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে জননিরাপত্তা বিঘ্নিত হওয়াসহ জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি হয়েছে।
এই প্রেক্ষিতে দেশের গুরুত্বপূর্ণ ৩টি মহানগর ও ৩টি জেলায় শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত মোট ৯ দিনের জন্য 'ইন এইড টু সিভিল পাওয়ার' হিসেবে প্রয়োজনীয়সংখ্যক সেনা সদস্য মোতায়েন করার অনুরোধ জানানো হয়েছে।
সেনা মোতায়েনকৃত এলাকাগুলো হলো, ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা ও ফরিদপুর জেলা
Comments