মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দেওয়া এক রাজকীয় মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২২ জুন) স্থানীয় সময় দুপুর দেড়টায় পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
মধ্যাহ্নভোজ চলাকালীন দুই দেশের সম্প্রীতির প্রতীক হিসেবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মালয়েশিয়ার স্থানীয় শিল্পীরা পারফর্ম করেন। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল মালয়েশিয়ার স্কুল শিক্ষার্থীদের পরিবেশনা। তারা বিখ্যাত দেশাত্মবোধক গান 'প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ'-এর সুরের সাথে চমৎকার নৃত্য পরিবেশন করে। প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী সপরিবারে এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান ভবন থেকে নেমে এলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রবেশপথের দুই পাশে মালয়েশিয়ার শিশু-কিশোররা বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে তাঁদের স্বাগত জানায়। প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী শিশুদের কাছে যান, তাদের সাথে পরম স্নেহে কথা বলেন এবং মাথায় হাত বুলিয়ে আদর করেন।
এরপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তাঁর সহধর্মিণী মূল ফটক পর্যন্ত এসে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানকে আন্তরিকতার সাথে বিদায় জানান।
বাসভবন থেকে বিদায় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মোটর শোভাযাত্রা সহকারে কুয়ালালামপুরের শাংগ্রিলা হোটেলে ফিরে যান। সেখানে আজ বিকেল ও সন্ধ্যায় প্রধানমন্ত্রীর আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ও প্রাতিষ্ঠানিক কর্মসূচি নির্ধারিত রয়েছে।
Comments