আওয়ামী লীগের নেতাকর্মীদের কড়া বার্তা র্যাবের
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশজুড়ে নানা আলোচনা ও উত্তেজনার মধ্যে কঠোর সতর্কবার্তা দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন-র্যাব।
২১ জুন (রোববার) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে র্যাব-২ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি ও র্যাব-২ এর অধিনায়ক মো. নয়মুল হাসান বলেন, ২৩ জুনকে কেন্দ্র করে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে পড়বে।
তিনি জানান, র্যাবের সব ইউনিট ও স্টেশনকে আগেই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে ২৩ জুনকে কেন্দ্র করে কেউ অস্ত্রের মহড়া, সহিংসতা বা নাশকতার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
নয়মুল হাসান বলেন, আমি আবারও বলছি, যদি কেউ ২৩ তারিখকে নিয়ে অস্ত্র দিয়ে হোক বা যেভাবেই হোক আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ঝুঁকি তৈরি করতে চায়, তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে থাকবে। যে কোনোভাবেই হোক আমরা প্রতিহত করবো।
সম্প্রতি বিভিন্ন স্থানে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উত্তেজনা ও অস্থিরতার খবরের প্রেক্ষাপটে র্যাবের এই বক্তব্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে একই সংবাদ সম্মেলনে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রসহ কয়েকজন শীর্ষ ছিনতাইকারীকে গ্রেফতারের তথ্যও তুলে ধরে র্যাব। বাহিনীটি বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
২৩ জুনকে সামনে রেখে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি র্যাবের বার্তা স্পষ্ট, আইনের বাইরে গিয়ে কোনো ধরনের কর্মসূচি, সহিংসতা বা নিরাপত্তা ঝুঁকি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Comments