বাংলাদেশ ও মানুষের ভাগ্য বদলই আমাদের প্রধান লক্ষ্য: শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, "বাংলাদেশ এবং এ দেশের সাধারণ মানুষের ভাগ্য বদলই আমাদের সরকারের প্রধান লক্ষ্য। দেশের কোনো মানুষ যেন পিছিয়ে না থাকে, সেই নীতি নিয়ে আমরা কাজ করছি। উন্নয়নের সুফল সমাজের সর্বস্তরের ও প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।"
বুধবার (১৭ জুন, ২০২৬) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আয়োজিত 'ফ্যামিলি কার্ড' বিতরণ কর্মসূচি ও বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন সকাল থেকে বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টি উপেক্ষা করে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার লক্ষাধিক মানুষের ঢল নামে সভাস্থলে। চা শ্রমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সাধারণ কর্মজীবী মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ওপর জোর দিয়ে বলেন, "সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনী, ফ্যামিলি কার্ড বিতরণ, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানমুখী উদ্যোগ মানুষের জীবনমান পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখছে। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই উন্নয়নকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।"
জনসভায় প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান ও সহায়তা প্রদান করেন। চা শ্রমিক পরিবারের স্থায়ী মাথা গোঁজার ঠাঁই হিসেবে বসতঘর নির্মাণে জনপ্রতি ২ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান। এলাকার দুস্থ ও অসুস্থ ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সাহায্য। প্রতিবন্ধী ব্যক্তি এবং সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বিশেষ আর্থিক অনুদান।
সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন।
কমলগঞ্জ-শ্রীমঙ্গল (মৌলভীবাজার-৪) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, "প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সফর শ্রীমঙ্গল-কমলগঞ্জ অঞ্চলের সামগ্রিক উন্নয়ন ও সম্ভাবনাকে আরও গতিশীল করবে। এলাকার অবহেলিত মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এই সফর মাইলফলক হয়ে থাকবে।"
অনুষ্ঠানে সরাসরি প্রধানমন্ত্রীর হাত থেকে সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয় উপকারভোগী ওয়াজেদা বেগম ও শিউলি রানী দাস। তারা বলেন, 'প্রধানমন্ত্রী প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা তাঁর দীর্ঘায়ু ও সাফল্য কামনা করি।'
অনুষ্ঠিত এই মহাসমাবেশে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক রাজনৈতিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Comments