৬ শিশুকে অবহেলায় মেরে শান্তিতে ঘুমানো যাবে না: স্বাস্থ্যমন্ত্রী
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, "ছয়টি শিশুকে দায়িত্বহীনভাবে রেখে মেরে ফেলবে, আর শান্তিতে ঘুমাবে—তা হতে পারে না।"
আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে রাজধানীর ইস্কাটনে হলি ফ্যামিলি মেডিকেল কলেজে 'হাম চিকিৎসা ও ব্যবস্থাপনা বিষয়ক গাইডলাইন'-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসপাতাল কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্তে দেখা গেছে যে বদ্ধ কক্ষটিতে কোনো অক্সিজেন ছিল না। টানা দুই ঘণ্টা এসি বন্ধ থাকা এবং ঘরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা না থাকায় অক্সিজেনের অভাবে শিশুরা শ্বাসরোধে মারা যায়।
মন্ত্রী প্রশ্ন তোলেন: যখন একটা বাচ্চাকে অন্য জায়গায় নেওয়ার পর সে ভালো হয়ে গেল, তখন বাকি বাচ্চাদের কেন সরিয়ে নেওয়া হলো না? ছয়টি বাচ্চা পরপর মারা গেল, অথচ হাসপাতাল কর্তৃপক্ষ সেই কক্ষটি একবার পরিদর্শন পর্যন্ত করেনি! তারা বিষয়টিকে কোনো পাত্তাই দেয়নি।
চরম অবহেলার কারণে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাকে সম্পূর্ণ সঠিক ও যৌক্তিক বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি সাফ জানিয়ে দেন, যেকোনো মর্মান্তিক ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। দেশে এবং আমাদের নিজেদের ভেতরেও এখন পরিবর্তন আনার সময় এসেছে।
লাইসেন্স বাতিলের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ যদি আদালতে আপিলও করে, তবে আইনি লড়াইয়ের চূড়ান্ত রায় সরকারের পক্ষেই আসবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী।
Comments