ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকার তারল্য সহায়তা দিল কেন্দ্রীয় ব্যাংক
আমানতকারীদের আস্থা ফেরাতে এবং আর্থিক ভিত্তি শক্তিশালী করতে দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক 'ইসলামী ব্যাংক বাংলাদেশ'কে আরও ২,৫০০ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৫ জুন) ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আলতাফ হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল রবিবারও কেন্দ্রীয় ব্যাংক থেকে সমপরিমাণ (২,৫০০ কোটি টাকা) তারল্য সহায়তা পেয়েছিল ব্যাংকটি। ফলে দুদিনে মোট ৫,০০০ কোটি টাকার বিশেষ তহবিল পেল ইসলামী ব্যাংক।
ভারপ্রাপ্ত এমডি মো. আলতাফ হোসেন জানান, গতকাল কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রাপ্ত অর্থ এখনো তাদের ব্যবহার করতে হয়নি। তবে এই জরুরি সহায়তার ফলে গ্রাহকদের মধ্যে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।
তিনি বলেন, 'যেসব গ্রাহক সাময়িক অনিশ্চয়তায় আমানত তুলে নিয়েছিলেন, তারা ব্যাংকের প্রতি আবারও আস্থা ফিরে পাচ্ছেন। আমাদের একটি বড় শাখা থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, আগের তুলনায় গ্রাহকদের ব্যাংক হিসাব (অ্যাকাউন্ট) বন্ধ করার প্রবণতা প্রায় ৭৫ শতাংশ কমে এসেছে। দ্রুতই পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হবে বলে আমরা আশা করছি।'
উদ্বেগজনক হারে আমানত প্রত্যাহার এবং গ্রাহকদের মধ্যে ক্রমবর্ধমান অনিশ্চয়তার কারণে ইসলামী ব্যাংক তীব্র তারল্য সংকটে পড়লে গতকাল এর পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকের চেয়ারম্যান মো. খুরশীদ আলমসহ পর্ষদের সকল সদস্য বাদ পড়েন।
দেশের বৃহত্তম এই শরিয়াহভিত্তিক ব্যাংকের পরিস্থিতি দ্রুত স্থিতিশীল করতে এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির 'প্রশাসক' হিসেবে নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
Comments