যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও উত্তেজনা নিরসনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্পাদিত সমঝোতা ও শান্তি চুক্তিকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিশিয়াল বিজ্ঞপ্তিতে সরকারের এই ইতিবাচক অবস্থানের কথা জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে, এই চুক্তি মধ্যপ্রাচ্যসহ বিশ্ব রাজনীতিতে চলমান সংকট কাটাতে একটি বড় মাইলফলক হিসেবে কাজ করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সবসময়ই যেকোনো আন্তর্জাতিক সংঘাত ও উত্তেজনা হ্রাসের ক্ষেত্রে যুদ্ধ বা আগ্রাসনের চেয়ে সংলাপ ও কূটনৈতিক পথকে প্রাধান্য দিয়ে আসছে। এই শান্তি চুক্তির পেছনে যেসকল মধ্যস্থতাকারী দেশ ও আন্তর্জাতিক পক্ষ অবদান রেখেছে, তাদের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছে ঢাকা।
একই সঙ্গে বাংলাদেশ সরকার প্রত্যাশা ব্যক্ত করেছে যে, সংশ্লিষ্ট সব পক্ষ সদ্ভাব বজায় রেখে এই চুক্তির শর্তসমূহ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, যাতে এই শান্তি প্রক্রিয়া দীর্ঘস্থায়ী ও টেকসই রূপ লাভ করে।
মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা যে পুরো বিশ্বের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা পুনর্ব্যক্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য মধ্যপ্রাচ্যে শান্তি বজায় থাকা অপরিহার্য। এই চুক্তির ইতিবাচক গতিকে কাজে লাগিয়ে দু'পক্ষের মধ্যকার অন্যান্য অমীমাংসিত সমস্যাগুলোও যেন আলোচনার টেবিলে সমাধান করা হয়, বাংলাদেশ সেই আহ্বান জানায়।
সাম্প্রতিক উত্তেজনার কারণে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে যে বিঘ্ন ঘটেছিল, এই চুক্তির ফলে তা দ্রুত পুনরুদ্ধার হবে এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে বাংলাদেশ আশাবাদ ব্যক্ত করেছে।
Comments