শ্রীলঙ্কা হয়ে দেশে ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনাকাঙ্ক্ষিত আচরণ ও প্রশাসনিক জটিলতার শিকার হয়ে ভারতে সফর বাতিল করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ সোমবার (১৫ জুন, ২০২৬) বেলা পৌনে ১২টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে তিনি ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন।
সংশ্লিষ্ট সূত্র ও গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গতকাল রবিবার (১৪ জুন) বিকেল ৩টা ২০ মিনিটে সাধারণ পাসপোর্টে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ডা. জাহেদ উর রহমান।
দিল্লি বিমানবন্দরে নামার পর নিয়মিত ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় ভারতের নিরাপত্তাসংক্রান্ত একটি স্বয়ংক্রিয় নজরদারি তালিকায় (ওয়াচলিস্ট) তার নাম চলে আসে। এর পরপরই তাকে ইমিগ্রেশন লাউঞ্জে আটকে রেখে অতিরিক্ত যাচাই-বাছাই ও দীর্ঘ জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।
দীর্ঘ সময় অনাকাঙ্ক্ষিত জিজ্ঞাসাবাদ ও জটিলতার একপর্যায়ে ক্ষুব্ধ উপদেষ্টা নিজেই তার পাসপোর্ট ফেরত চান এবং ভারতে তার রাষ্ট্রীয় সফর বাতিল করার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে তিনি সরাসরি ঢাকায় আসার ফ্লাইট না পেয়ে শ্রীলঙ্কা হয়ে আজ দুপুরে দেশে ফিরে আসেন।
ভারতীয় সংবাদমাধ্যম 'নিউজ১৮'-এর এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয়েছে, এই পুরো ঘটনাটি মূলত ভারতের অভ্যন্তরীণ প্রশাসনিক জটিলতা এবং তথ্য হালনাগাদ (আপডেট) না থাকার কারণে ঘটেছে।
ডা. জাহেদ উর রহমানের নাম সামাজিক যোগাযোগমাধ্যম-সংশ্লিষ্ট একটি পুরনো কালোতালিকা (ব্ল্যাকলিস্ট) থেকে আগেই আনুষ্ঠানিকভাবে অপসারণ করেছিল ভারত সরকার। তবে সেই তথ্য দেশটির ইমিগ্রেশন বা অভিবাসন বিভাগের ডেটাবেজে যথাসময়ে হালনাগাদ করা হয়নি। ফলে তিনি বিমানবন্দরে পৌঁছানোমাত্রই নিরাপত্তা সিস্টেমে স্বয়ংক্রিয় সতর্কবার্তা জারি হয় এবং এই অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয়।
একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে যাওয়া বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে এভাবে আটকে রাখার ঘটনায় ঢাকার কূটনৈতিক মহলে বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
Comments