হার্টের রিং ও কিডনি চিকিৎসায় বড় শুল্কছাড়
হৃদ্রোগ ও কিডনি জটিলতায় আক্রান্ত রোগীদের জন্য চিকিৎসা খরচ কমানোর বড় উদ্যোগ নেওয়া হয়েছে নতুন বাজেটে। হার্টের রিং (স্টেন্ট) এবং কিডনি ডায়ালাইসিসের প্রয়োজনীয় সরঞ্জাম আমদানিতে শুল্ক ও ভ্যাট (মূল্য সংযোজন কর) প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর ফলে হৃদরোগ ও কিডনি চিকিৎসার ব্যয় উল্লেখযোগ্য হারে কমে আসবে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, হৃদরোগের চিকিৎসায় বহুল ব্যবহৃত হার্টের রিংয়ের জোগানদার পর্যায়ে বিদ্যমান ১০ শতাংশ ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে বাজারে প্রতিটি হার্টের রিংয়ের দাম ২০ হাজার টাকা পর্যন্ত কমে আসতে পারে, যা সাধারণ হৃদরোগী ও তাঁদের পরিবারের জন্য বড় আর্থিক স্বস্তি দেবে।
কিডনি জটিলতায় ভুগছেন এমন রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করতে বাজেটে বেশ কিছু করছাড়ের প্রস্তাব করা হয়েছে। কিডনি রোগীদের ডায়ালাইসিস ফিল্টার আমদানির ক্ষেত্রে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট এবং ৫ শতাংশ আগাম কর (এটি) পুরোপুরি তুলে দেওয়া হয়েছে। এর ফলে ফিল্টারের দাম কমবে এবং ডায়ালাইসিস বাবদ প্রতিবার একজন রোগীর খরচ প্রায় ৮০০ টাকা পর্যন্ত কমে আসতে পারে বলে অর্থমন্ত্রী আশা প্রকাশ করেছেন।
এছাড়া কিডনি ডায়ালাইসিসে ব্যবহৃত হেমোডায়ালাইসিসের ব্লাড টিউবিং সেট আমদানির ওপর থাকা সাড়ে ৭ শতাংশ ভ্যাটের আগাম করও পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে।
বাজেটের এই মানবিক ও জনকল্যাণমুখী পদক্ষেপের ফলে দেশের নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য জীবনরক্ষাকারী এই চিকিৎসাগুলো আরও সাশ্রয়ী হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট খাত বিশেষজ্ঞরা।
Comments