মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
জাতীয় সংসদে উপস্থাপনের জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্ত্রিসভার অনুমোদন পাওয়া এই বাজেট আজ বিকেলেই জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন অর্থবছরের প্রস্তাবিত এই বাজেটে বেশ কিছু জনকল্যাণমুখী ও বড় চমক থাকছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
নতুন বাজেটে মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এবারের বাজেটে ঘাটতি দাঁড়াতে পারে ২ লাখ ৫১ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ দশমিক ৬ শতাংশ। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বাইরে বাকি ঘাটতি অর্থ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ এবং উন্নয়ন সহযোগীদের সহায়তা থেকে সংগ্রহ করবে সরকার।
নতুন বাজেটে যে সব বড় চমক ও উদ্যোগ থাকছে:
সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের ঘোষণা আসতে পারে এবারের বাজেটে। দেশে ব্যবসা ও উদ্যোক্তা তৈরিতে গতি আনতে 'উদ্যোক্তা উন্নয়ন তহবিলে' ২২৫ কোটি টাকা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য ২ হাজার কোটি টাকার বিশাল তহবিল গঠনের প্রস্তাব থাকছে। স্বাস্থ্যখাতে বড় প্রযুক্তিগত পরিবর্তন হিসেবে প্রাথমিকভাবে ২৫ লাখ নাগরিকের জন্য 'ই-হেলথ কার্ড' কর্মসূচি চালুর বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি বাড়িয়ে এর সাথে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বেশ কয়েকটি নতুন কর্মসূচি যুক্ত করা হচ্ছে। পাশাপাশি বিদ্যমান সামাজিক নিরাপত্তা খাতগুলোতে বরাদ্দ আরও বাড়ানো হতে পারে।
নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদেশে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির একটি বড় এবং দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
Comments