মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদিত হচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠক চলছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়।
মন্ত্রিসভার অনুমোদন শেষে প্রথা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাজেটে সম্মতি জানিয়ে স্বাক্ষর করবেন। এরপর আজ বিকেলেই জাতীয় সংসদে দেশের ইতিহাসের ৫৫তম বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী ১ জুলাই থেকে নতুন এই অর্থবছর এবং বাজেট কার্যকর হবে।
নতুন অর্থবছরের জন্য মোট ব্যয়ের লক্ষ্য বা বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এই বিশাল ব্যয়ের বিপরীতে সরকারের মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। সামগ্রিক আয় ও ব্যয়ের মধ্যে বড় ব্যবধান থাকছে। এবারের বাজেটে মোট ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।
বাজেটের এই বিশাল ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক— দুই উৎস থেকেই অর্থ সংগ্রহের সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। ঘাটতি মেটাতে বিদেশি ঋণ ও অনুদান খাত থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য রাখা হয়েছে। দেশের ভেতরের বিভিন্ন উৎস (যেমন ব্যাংক ব্যবস্থা ও সঞ্চয়পত্র) থেকে বাকি ১ লাখ ২৭ হাজার কোটি টাকা ঋণ হিসেবে সংগ্রহ করবে সরকার।
Comments