সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি ফেরাতে শান্তিরক্ষীদের অবদান অনন্য: প্রধানমন্ত্রী
বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বাংলাদেশি শান্তিরক্ষীরা চরম সাহসিকতা, ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১০ জুন) 'আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস' উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা রক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের অনন্য ভূমিকার কথা গুরুত্বের সাথে স্মরণ করেন।
প্রধানমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জীবন উৎসর্গকারী বীর শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন:'শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে যারা শহিদ হয়েছেন, তাদের আত্মত্যাগ বিশ্বজুড়ে শান্তিকামী মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তাদের এই অবদান বাঙালি জাতি চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।'
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পোশাকধারী বাহিনীগুলোর মর্যাদা রক্ষা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি বলেন, পেশাদারিত্ব, ঐক্য, শৃঙ্খলা এবং চেইন অব কমান্ড বজায় রাখা যেকোনো পোশাকধারী বাহিনীর টিকে থাকার ও মর্যাদা পাওয়ার মূল শর্ত। অতীতের ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে আরও বেশি কার্যকর, জনমুখী ও জবাবদিহিমূলক করে গড়ে তুলতে হবে।
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে বর্তমানের প্রতিটি রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে।
বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, সুদূর প্রবাসে প্রতিকূল পরিবেশেও আমাদের শান্তিরক্ষীদের অসাধারণ পেশাদারিত্ব ও সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে এবং দেশের জন্য বয়ে এনেছে এক অনন্য গৌরব।
তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও বাংলাদেশি শান্তিরক্ষীরা তাদের সুনামের ধারা বজায় রেখে বিশ্ব দরবারে দেশের নাম আরও উঁচুতে তুলে ধরবেন।
Comments