ড. ইউনূস ও নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
হাম ও রুবেলার টিকা আমদানিতে অবহেলা ও শিশু মৃত্যুর অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল বাদী হয়ে এই আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত আবেদনটি খারিজের আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী সালাউদ্দিন লস্কর জানান, মামলার আবেদনের ৪০৯ ধারাটি দুর্নীতি দমন কমিশন (দুদক) সংক্রান্ত হওয়ায় আদালত এটি খারিজ করেছেন। পূর্ণাঙ্গ আদেশ হাতে পাওয়ার পর উচ্চ আদালতে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
মামলার আরজিতে দাবি করা হয়, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর ইউনিসেফের মাধ্যমে টিকা আমদানির প্রচলিত ব্যবস্থা বন্ধ করে দেয়। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে দীর্ঘ দেড় বছর সময়ক্ষেপণ করায় দেশে টিকার তীব্র সংকট তৈরি হয়। ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এ বিষয়ে আগেই সতর্ক করলেও সরকার তা আমলে নেয়নি।
অভিযোগে আরও বলা হয়, টিকার অভাবে গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত সরকারি হিসাবেই ৭৫,৭০৮ জন শিশু হামে আক্রান্ত হয়েছে এবং ৬১০ জন শিশুর মৃত্যু হয়েছে।
থানা মামলা না নেওয়ায় আদালতে এই আবেদন করা হয়েছিল বলে জানান বাদী মজিবুর রহমান ইকবাল। ড. ইউনূস ও নূরজাহান বেগম ছাড়াও মামলার অন্য অভিযুক্তরা ছিলেন— সাবেক স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান, সাবেক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।
Comments