রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের পর থেকে রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি।
আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আড়াইটা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অফিসের এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অঞ্চলগুলো হলো: রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট।
এসব এলাকার নৌযান ও নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে শুক্রবার (৫ জুন) সকাল ৯টা পর্যন্ত দেওয়া অপর এক পূর্বাভাসে বলা হয়েছে: রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃষ্টির পূর্বাভাস থাকলেও দেশের বড় অংশ জুড়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে চলমান এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বা বেশি আর্দ্রতার কারণে সাধারণ মানুষের মধ্যে ভ্যাপসা গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
Comments