আগামী বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দের ঘোষণা শিক্ষামন্ত্রীর
আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সর্বোচ্চ বরাদ্দ রাখা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
শিক্ষামন্ত্রী জানান, আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতের জন্য প্রায় ১ লাখ ২৩ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা করা হয়েছে, যা অন্য যেকোনো খাতের চেয়ে বেশি। শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী বাজেটে জিডিপির ৩.৫ শতাংশ বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল।
সার্বিক অর্থনীতি বিবেচনা করে প্রধানমন্ত্রী মোট জিডিপির ২ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ রাখার সুনির্দিষ্ট আশ্বাস দিয়েছেন।
বৈঠকে প্রধানমন্ত্রী দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং ঝুলে থাকা শিক্ষক কল্যাণের বিষয়ে জরুরি নির্দেশনা দেন। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন,'২০২২ সালের পর থেকে শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসরকালীন ভাতার অর্থ প্রদান রহস্যজনকভাবে বন্ধ রয়েছে। বিগত সময়ে এখান থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের (তসরুফ) ঘটনা ঘটেছে।'
তবে শিক্ষকদের এই দুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে ড. এহছানুল হক মিলন বলেন, আগামী এক মাসের মধ্যে বিশেষ 'থোক বরাদ্দ'-এর মাধ্যমে শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসরকালীন ভাতা পুনরায় চালু করা হবে।
Comments