একীভূত নীতিমালার আওতায় আসবে সব ইংলিশ মিডিয়াম স্কুল: ববি হাজ্জাজ
দেশে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, জবাবদিহি, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ সুরক্ষার লক্ষ্যে সব ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানকে একটি একীভূত নীতিমালার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। আজ বুধবার (৩ জুন) ঢাকার আগা খান একাডেমি পরিদর্শনকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, সরকার এমন একটি সমন্বিত ও জবাবদিহিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যেখানে মাধ্যমের বৈচিত্র্য থাকলেও সব শিক্ষার্থী মানসম্মত শিক্ষা লাভের সমান সুযোগ পাবে। এই লক্ষ্য বাস্তবায়নে দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলকে একটি অভিন্ন নিয়ন্ত্রক কাঠামোর অধীনে আনা হবে।
শিক্ষার মূল লক্ষ্য কেবল জিপিএ বা ভালো ফলাফল হওয়া উচিত নয় উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, 'আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো ফলই করবে না, বরং তাদের মধ্যে সমালোচনামূলক চিন্তা (ক্রিটিক্যাল থিংকিং), উদ্ভাবনী সক্ষমতা এবং নেতৃত্বের গুণাবলি বিকশিত হবে। বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য তরুণদের বিশ্বমানের দক্ষতা, মূল্যবোধ ও সৃজনশীলতায় সমৃদ্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'
ববি হাজ্জাজ স্পষ্ট করে বলেন, সাধারণ বাংলা মাধ্যম, ইংলিশ ভার্সন কিংবা ইংলিশ মিডিয়াম—শিক্ষার্থীরা যে ধারাতেই পড়াশোনা করুক না কেন, তারা যেন সমানভাবে জাতীয় মূল্যবোধ, নাগরিক দায়িত্ববোধ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার মতো দক্ষতা অর্জন করতে পারে, সরকার তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী আগা খান একাডেমি আয়োজিত একটি শিক্ষার্থী প্রদর্শনী ঘুরে দেখেন। সেখানে শিক্ষার্থীদের বিভিন্ন গবেষণা প্রকল্প, উদ্ভাবনী উদ্যোগ ও সৃজনশীল উপস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি।
প্রতিষ্ঠানটির আধুনিক শিক্ষাদান পদ্ধতি, শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষাব্যবস্থা এবং নেতৃত্ব বিকাশ কর্মসূচির ভূয়সী প্রশংসা করে ববি হাজ্জাজ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এই ধরনের গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীল শিক্ষাচর্চা আরও বিস্তৃত করার আহ্বান জানান। এ সময় একাডেমির শিক্ষক, শিক্ষার্থী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments