দিল্লিতে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: বিদেশি রোগীসহ নিহত অন্তত ২১
ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। আজ বুধবার (৩ জুন) সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচতলা ভবনের বেসমেন্টে অবস্থিত 'মিকাসা ইন' হোটেলের রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। একটি সরু গলির ভেতরে অবস্থিত এই হোটেলটিতে মোট ২৫টি কক্ষ রয়েছে।
ভয়াবহ এই দুর্ঘটনার সময় হোটেলটিতে প্রায় ৪০ জন অতিথি অবস্থান করছিলেন, যাদের মধ্যে বেশ কয়েকজন চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়া বিদেশি রোগীও ছিলেন। সকালবেলা হুট করে যখন আগুন ছড়িয়ে পড়ে, তখন অতিথিদের বেশিরভাগই ঘুমাচ্ছিলেন। ফলে মুহূর্তের মধ্যে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে বের হওয়ার সুযোগ পাননি।
দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা। তিনি বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজ শুরু করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা গেছে, হোটেলের ভেতরে আটকে পড়া কিছু মানুষ প্রাণ বাঁচাতে ভবন থেকে নিচে লাফিয়ে পড়ছেন।
হোটেলটির রেস্তোরাঁর শেফ কেসার সিং জানান, সকাল আনুমানিক ৮টার দিকে তিনি যখন রান্নাঘরের একটি বৈদ্যুতিক চুলা জ্বালানোর চেষ্টা করেন, তখনই আকস্মিকভাবে চারদিকে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই তীব্র ধোঁয়া ও আগুন পুরো হোটেলে ছড়িয়ে পড়ে।
হোটেলটির অবস্থান অত্যন্ত সরু গলিতে হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ও উদ্ধারকর্মীদের ভেতরে প্রবেশ করতে বেগ পেতে হয়, যা হতাহতের সংখ্যা বাড়ার অন্যতম কারণ বলে ধারণা করা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
Comments