বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’র এখন বিশ্বজুড়ে তারকাখ্যাতি!
কেবল একটি নামের কারণে বিশ্বজুড়ে আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কেড়েছে বাংলাদেশের একটি অ্যালবিনো (ধবল) মহিষ। আসন্ন ঈদুল আজহায় কোরবানির হাটের জন্য প্রস্তুত করা এই মহিষটির নাম রাখা হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্টের নামানুসারে—'ডোনাল্ড ট্রাম্প'। দেশীয় গণমাধ্যমের পর এবার ইউরোপ ও এশিয়ার শীর্ষ সারির সব সংবাদমাধ্যম এই মহিষটিকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।
মহিষটি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে কাভারেজ দেয়া হয়েছে। বিশ্বের প্রভাবশালী বেশ কয়েকটি সংবাদমাধ্যম এই ধবল মহিষটিকে নিয়ে প্রতিবেদন করেছে।
দ্য টেলিগ্রাম (যুক্তরাজ্য): ব্রিটিশ এই দৈনিকটি শিরোনাম করেছে, 'বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প'। প্রতিবেদনে বলা হয়েছে, সোনালী রঙের বাহারি চুলের ঝুঁটির কারণেই মার্কিন প্রেসিডেন্টের সাথে মিলিয়ে এর এই নামকরণ।
দৈনিক ডন (পাকিস্তান): বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে তারা বেশ রসাত্মক একটি শিরোনাম করেছে—'কমান্ডার-ইন-বিফ: বাংলাদেশিজ ডোনাল্ড ট্রাম্প বাফেলো উইনস ফ্যানস'।
অন্যান্য গণমাধ্যম: এছাড়া ফ্রান্সের জনপ্রিয় টেলিভিশন টিএফওয়ান, ভারতের এনডিটিভি, থাইল্যান্ডের ব্যাংকক পোস্ট এবং ইউরোপের জনপ্রিয় সংবাদমাধ্যম ইউরো নিউজ মহিষটিকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।
সোশ্যাল মিডিয়ায় ভিউয়ের বন্যা
ফরাসি গণমাধ্যম টিএফওয়ান (TF1) তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মহিষটিকে নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও (শর্টস) প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, মহিষটির চুলের বাহার ঠিক রাখতে এবং উজ্জ্বলতা ধরে রাখতে মালিকেরা প্রতিদিন পরম যত্নে সেটি ব্রাশ করে দিচ্ছেন। ভিডিওটি প্রকাশের পর নেট দুনিয়ায় রীতিমতো ঝড় উঠেছে। ইউটিউবে ৩ লাখ ৬৬ হাজারেরও বেশি বার দেখা হয়েছে।
ফেসবুকে ভিডিওটির ভিউ ছাড়িয়েছে ৬২ লাখের ঘর এবং লাইক দিয়েছেন ১ লাখ ২১ হাজারেরও বেশি ব্যবহারকারী।
প্রায় দেড় হাজার পাউন্ড (৬০০ কেজির বেশি) ওজনের বিশাল এই চার বছর বয়সী মহিষটি এখন অবস্থান করছে নারায়ণগঞ্জে জিয়া উদ্দিন মৃধার খামারে। খামার মালিক জিয়ার তথ্যমতে, প্রায় ১০ মাস আগে রাজশাহীর একটি পশুর হাট থেকে মহিষটি কেনা হয়েছিল। কেনার পর জিয়ার ভাই শখ করে এর নাম দেন 'ডোনাল্ড ট্রাম্প'।
কোরবানি ঈদের বাকি আর অল্প কিছুদিন। এর মধ্যেই ইউনিক এই মহিষটিকে একনজর দেখতে প্রতিদিন খামারে ভিড় করছেন শত শত উৎসুক জনতা।
খামার মালিক জিয়া উদ্দিন মৃধা আবেগপ্লুত হয়ে জানান, গত এক বছর ধরে অত্যন্ত যত্নে মহিষটিকে লালন-পালন করেছেন তিনি। কোরবানির হাটে বিক্রি হয়ে যাওয়ার পর তারা তাদের এই প্রিয় 'ডোনাল্ড ট্রাম্পকে' ভীষণ মিস করবেন।
Comments