দেশের পরিস্থিতি স্থিতিশীল, পর্যায়ক্রমে ব্যারাকে ফিরছে সেনাবাহিনী: সেনাপ্রধান
দেশের সংকটকালীন পরিস্থিতিতে দায়িত্ব পালন শেষে সেনা সদস্যরা এখন ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছেন বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা সেনানিবাসে আয়োজিত 'বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬'-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
সেনাপ্রধান বলেন, ২০২৪ সালের কঠিন ও ক্রান্তিলগ্নে দেশের স্বার্থেই সেনাবাহিনী মাঠে নেমেছিল। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছেন। সংকটের সেই দিনগুলোতে সেনাবাহিনীর গৌরবময় ভূমিকা জাতি সবসময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।
দীর্ঘদিন মাঠে দায়িত্ব পালনের পরও সেনাসদস্যদের দক্ষতার প্রশংসা করে তিনি আরও বলেন, টানা ১৮ মাস মাঠপর্যায়ে নানামুখী দায়িত্ব পালনের ধকল থাকা সত্ত্বেও ফায়ারিং প্রতিযোগিতায় সেনাসদস্যরা যে চমৎকার পেশাদারিত্ব ও নৈপুণ্য দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।" বক্তব্য শেষে তিনি বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স (এমজিও), কমান্ড্যান্ট বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি, ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়া কমান্ডার, ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডারসহ সেনাসদর ও বিভিন্ন ফরমেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments