কক্সবাজারে সেনা কর্মকর্তা হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর সাহসী কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় ৪ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে মামলার অপর ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার (২০ মে) দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী চাঞ্চল্যকর এ রায় দেন।
মামলার বিবরণী ও আদালত সূত্রে জানা যায়, গত বছরের ২৩ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব মাইজপাড়া এলাকায় এক মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে একদল সশস্ত্র ডাকাত অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের নেতৃত্বে পুলিশকে সাথে নিয়ে সেখানে এক যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন অত্যন্ত সাহসিকতার সাথে একজন ডাকাতকে হাতেনাতে ঝাপটে ধরেন লেফটেন্যান্ট তানজিম। এ সময় আটককৃত ডাকাতকে ছিনিয়ে নেওয়ার জন্য দলের অন্য ডাকাতরা সেনাবাহিনীর ওপর চড়াও হয় এবং আকস্মিকভাবে ধারালো অস্ত্র দিয়ে তরুণ এই সেনা কর্মকর্তার ওপর বর্বর হামলা চালায়। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন লেফটেন্যান্ট নির্জন। পরবর্তীতে তাকে দ্রুত উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত অবস্থায় দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় জীবন উৎসর্গকারী তরুণ এই সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল।
Comments