বন্ধ থাকা ৮ বিমানবন্দর চালুর ঘোষণা বেবিচক চেয়ারম্যানের
দেশের অভ্যন্তরীণ আকাশপথের যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ৮টি বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বৃহস্পতিবার (১৪ মে) সকালে বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক এই পরিকল্পনার কথা জানান।
সাক্ষাৎকারে বেবিচক চেয়ারম্যান বন্ধ থাকা যে বিমানবন্দরগুলোর নাম উল্লেখ করেছেন সেগুলো হলো:বগুড়া বিমানবন্দর, ঈশ্বরদী বিমানবন্দর, ঠাকুরগাঁও বিমানবন্দর, লালমনিরহাট বিমানবন্দর, শমশেরনগর বিমানবন্দর, কুমিল্লা বিমানবন্দর,পটুয়াখালী বিমানবন্দর।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা ও সেবার মান বৃদ্ধি প্রসঙ্গে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন।
বর্তমানে এই বিমানবন্দরের যাত্রী ধারণক্ষমতা ১৩ মিলিয়ন, যা থার্ড টার্মিনাল পুরোপুরি চালু হলে ১৯ মিলিয়নে উন্নীত হবে। নতুন টার্মিনালে উন্নত ড্রপ-অফ সুবিধা, আধুনিক ইমিগ্রেশন, অটোমেটেড কাস্টমস এবং অত্যাধুনিক বডি ইমেজিং প্রযুক্তি যুক্ত করা হচ্ছে। আধুনিক মাল্টি-লেভেল কার পার্কিং সুবিধা নিশ্চিত করার মাধ্যমে বিমানবন্দর এলাকার যানজট কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
বেবিচক চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করেন যে, থার্ড টার্মিনাল চালু হলে বিমানবন্দরের সেবার মান বৃদ্ধির পাশাপাশি সরকারের আয়ও বহুগুণ বৃদ্ধি পাবে।
Comments