শাপলা চত্বর হত্যাকাণ্ড: দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা কারাগারে
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি এবং সাংবাদিক দম্পতি মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (১৪ মে) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
সাবেক মন্ত্রী দীপু মনি এবং সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার বিরুদ্ধে শাপলা চত্বরের ঘটনার ষড়যন্ত্র ও পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশন জানায়, এই হত্যাকাণ্ডটি ছিল সুপরিকল্পিত এবং সে সময় মরদেহের সংখ্যা গোপন রাখতে সহায়তার অভিযোগে সাংবাদিকদের অভিযুক্ত করা হয়েছে।
গত বৃহস্পতিবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দেন এবং আজ সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে।
এই মামলায় সাবেক আইজিপি শহিদুল হক, জিয়াউল আহসান এবং শাহরিয়ার কবিরসহ মোট ৬ জন বর্তমানে কারাগারে রয়েছেন।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লা—এই চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হয়েছেন যাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।
-
-
ঢাকা: ৩২ জন।
-
নারায়ণগঞ্জ: ২০ জন।
-
চট্টগ্রাম: ৫ জন।
-
কুমিল্লা: ১ জন।
-
Comments