৪ দেশের প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি নির্দেশনা
তুরস্কসহ পার্শ্ববর্তী দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা গ্রহণ এবং ভ্রমণ সংক্রান্ত বিভ্রান্তি এড়াতে বিশেষ নির্দেশনা জারি করেছে আঙ্কারায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন ভুল তথ্য ও গুজবে কান না দিয়ে সঠিক পদ্ধতিতে সেবা গ্রহণের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আঙ্কারা দূতাবাস বর্তমানে মোট চারটি দেশে তাদের নিয়মিত কূটনৈতিক ও কনস্যুলার কার্যক্রম পরিচালনা করছে। দেশগুলো হলো: তুরস্ক (স্বাগতিক দেশ), আজারবাইজান, জর্জিয়া, তুর্কমেনিস্তান।
এসব দেশে বসবাসরত প্রবাসীরা পাসপোর্ট নবায়ন, ডকুমেন্ট সত্যায়ন, পাওয়ার অব অ্যাটর্নি এবং প্রত্যয়নপত্রসহ যাবতীয় সেবা নিয়মিতভাবে গ্রহণ করতে পারবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দূতাবাসের কর্মকর্তাদের বিভিন্ন দেশে ভ্রমণের তথ্য প্রচার করা হচ্ছে। দূতাবাস স্পষ্ট করেছে যে, উল্লেখিত ৪টি দেশের বাইরে কর্মকর্তাদের ভ্রমণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতির প্রয়োজন হয় এবং আপাতত অন্য কোনো দেশে ভ্রমণের সিদ্ধান্ত গৃহীত হয়নি। বিশেষ প্রয়োজনে প্রবাসীদের সরাসরি দূতাবাসে এসে অথবা কুরিয়ারের মাধ্যমে (প্রযোজ্য ক্ষেত্রে) সেবা নিতে বলা হয়েছে।
ই-পাসপোর্ট সেবা কোনোভাবেই কুরিয়ারের মাধ্যমে প্রদান করা সম্ভব নয়। এই সেবার জন্য আবেদনকারীকে অবশ্যই সশরীরে দূতাবাসে উপস্থিত হতে হবে।
নির্ধারিত সরকারি ফি ছাড়া অন্য কোনো অতিরিক্ত অর্থ প্রদান না করার আহ্বান জানিয়েছে দূতাবাস। কোনো দালালের প্ররোচনায় না পড়ে সরাসরি দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
যেকোনো বিভ্রান্তি এড়াতে বা তথ্যের প্রয়োজনে প্রবাসীদের নিচের মাধ্যমগুলোতে যোগাযোগের অনুরোধ করা হয়েছে:
-
টেলিফোন ও ই-মেইল
-
হোয়াটসঅ্যাপ ও মোবাইল ফোন
-
ফেসবুক মেসেঞ্জার
দূতাবাস জানিয়েছে, প্রবাসীদের সহায়তায় তারা সার্বক্ষণিক পরামর্শ প্রদান করছে। তাই যেকোনো অস্পষ্টতায় সামাজিক যোগাযোগমাধ্যমের গুজবে কান না দিয়ে সরাসরি দূতাবাসের তথ্য যাচাই করাই শ্রেয়।
Comments