পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বিস্ফোরণে ৯ জনের মৃত্যু, আহত ৩৩
লাক্কি মারওয়াত জেলা পুলিশ কর্মকর্তার মুখপাত্র কুদরাতুল্লাহ খান প্রথমে দুই পুলিশ সদস্যসহ ৭ জনের মৃত্যুর খবর জানান। নিহত পুলিশ সদস্যদের আদিল জান ও রহাতুল্লাহ হিসেবে শনাক্ত করা হয়েছে। পরে লাক্কি মারওয়াতের ডেপুটি কমিশনার হামিদুল্লাহ খান এক বিবৃতিতে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেন।
প্রাথমিক তদন্ত প্রতিবেদন অনুযায়ী, সন্ত্রাসীরা একটি রিকশায় বিস্ফোরক স্থাপন করে এই হামলাটি চালিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণে বেশ কয়েকটি দোকান এবং তিন চাকার যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা গেছে।
টিএইচকিউ হাসপাতালের প্রতিবেদন অনুযায়ী, ৯ জন নিহতের পাশাপাশি ৩৩ জন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। যাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বান্নুতে স্থানান্তর করা হয়েছে।
ডেপুটি কমিশনার হামিদুল্লাহ খান সারাই নওরাং তহসিল সদর হাসপাতাল পরিদর্শন করেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দেন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বান্নু ও পেশোয়ারের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং সন্ত্রাসবাদ নির্মূলে দেশের দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি অবিলম্বে এই বিস্ফোরণের তদন্তের নির্দেশ দিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী এই ঘটনার প্রতিবেদন চেয়েছেন এবং নিহতদের পরিবারকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন।
নওরাং সার্কেলের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং আলামত সংগ্রহ করছে।
গত শনিবার রাতে বান্নুর ফতেহ খেল পুলিশ পোস্টে এক আত্মঘাতী হামলায় ১৫ জন পুলিশ সদস্য নিহত হওয়ার রেশ কাটতে না কাটতেই এই নতুন হামলাটি ঘটলো। সোমবার পাকিস্তান সরকার আফগান চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে বান্নু হামলার বিষয়ে তীব্র প্রতিবাদ জানায়। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তদন্তে দেখা গেছে ওই হামলার মাস্টারমাইন্ডরা আফগানিস্তানে অবস্থান করছে।
Comments