জুলাইয়ের মধ্যে রিডিং পড়তে না পারলে প্রাথমিকের শিক্ষকদের বেতন বন্ধের হুঁশিয়ারি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে কঠোর অবস্থানে যাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী জুলাই মাসের মধ্যে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির সকল শিক্ষার্থী যদি বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে না পারে এবং গণিতের প্রাথমিক দক্ষতায় ব্যর্থ হয়, তবে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৭ এপ্রিল ও ৫ মে দেশের সকল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে দুটি ভার্চুয়াল বৈঠক করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন। বৈঠকে তিনি বর্তমান সরকারের লক্ষ্য বাস্তবায়নে শিক্ষার্থীদের ভিত্তি মজবুত করার ওপর গুরুত্বারোপ করেন। সচিবের নির্দেশনা অনুযায়ী, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ইতিমধ্যে এ সংক্রান্ত জরুরি চিঠি পাঠাতে শুরু করেছেন জেলা শিক্ষা কর্মকর্তারা।
নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীদের সাবলীল পাঠ নিশ্চিত করতে দুটি ধাপে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জুন মাসের মধ্যে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের গণিতের চার নিয়ম (যোগ-বিয়োগ-গুণ-ভাগ) এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি পড়ার দক্ষতা ৯০ শতাংশ অর্জন করতে হবে। জুলাই মাসের মধ্যে উল্লিখিত সকল বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা ১০০ শতাংশে উন্নীত করতে হবে।
চিঠিতে শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে যে, প্রতিদিন শিক্ষার্থীদের দিয়ে বাংলা ও ইংরেজি বইয়ের অন্তত ৫ পৃষ্ঠা জোরে শব্দ করে পড়াতে হবে। কাঙ্ক্ষিত এই লক্ষ্য অর্জনে ব্যর্থ হলে শিক্ষকদের বেতন বন্ধের কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রতিটি বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকদের আগামী ১০ মে-র মধ্যে নির্দিষ্ট ছক আকারে এই লক্ষ্য অর্জনের কর্মপরিকল্পনা জেলা শিক্ষা অফিসে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন চিঠির সত্যতা নিশ্চিত করে বলেন, "সচিব স্যারের সরাসরি নির্দেশেই আমরা এই পদক্ষেপ নিয়েছি। অনেক জেলা ইতিমধ্যে চিঠি দিয়েছে, বাকিরাও দেবে।"
প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন এ প্রসঙ্গে বলেন, "শিক্ষার্থীরা যাতে বাংলা-ইংরেজি রিডিং ঠিকভাবে পড়তে পারে, তা আমাদের নিশ্চিত করতেই হবে। এর ব্যত্যয় ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় নেই। বর্তমান সরকারের শিক্ষার লক্ষ্যমাত্রা অর্জনে এটি একটি অপরিহার্য পদক্ষেপ।"
Comments