বিশ্ববাজারে তেলের দামে ফের অস্থিরতা: ১০০ ডলার ছাড়ালো ব্রেন্ট ক্রুড
টানা দুই দিন কিছুটা নিম্নমুখী থাকার পর বিশ্ববাজারে আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে তেলের দাম। বৃহস্পতিবার (৭ মে) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়ে পুনরায় ১০০ ডলারের ঘর ছাড়িয়েছে। একই সঙ্গে মার্কিন ডব্লিউটিআই ক্রুড অয়েলের দামও ঊর্ধ্বমুখী হয়ে ব্যারেলপ্রতি ৯৬ ডলারে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টাপাল্টি বার্তার কারণেই তেলের দামে এই নাটকীয় পরিবর্তন দেখা দিচ্ছে। বুধবার (৬ মে) ট্রাম্প জানান, ইরান যদি একটি প্রস্তাবিত চুক্তিতে সম্মত হয়, তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ 'হরমুজ প্রণালি' সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে। এই খবরে তেলের দাম এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছিল। ব্রেন্ট ক্রুড ১০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ ডলারে এবং ডব্লিউটিআই ১২ শতাংশ কমে ৮৯ ডলারে নেমে আসে। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। ট্রাম্প পুনরায় হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান চুক্তি মেনে না নিলে দেশটিতে আরও বড় আকারের বোমা হামলা চালানো হবে। এই যুদ্ধংদেহী মনোভাব ও উত্তেজনার ফলে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়ায় এবং বৃহস্পতিবার তেলের দাম আবারও ১০০ ডলার ছাড়িয়ে যায়।
চলমান ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ পরিস্থিতির কারণে গত ২৯ এপ্রিল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১২২ ডলারে পৌঁছে গিয়েছিল, যা ২০২২ সালের পর থেকে তেলের বাজারে সর্বোচ্চ মূল্যের রেকর্ড। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা অব্যাহত থাকলে বিশ্ববাজারে জ্বালানি তেলের এই অস্থিরতা আরও দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
Comments