মে দিবসের বিশাল শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের এই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
দীর্ঘ প্রতীক্ষার পর প্রধানমন্ত্রী সমাবেশ মঞ্চে উপস্থিত হলে উপস্থিত লাখো নেতাকর্মীর মাঝে অভাবনীয় উৎসাহ ও উদ্দীপনা দেখা দেয়। প্রধানমন্ত্রী হাত নেড়ে উপস্থিত জনতাকে অভিবাদন জানান। লাল টুপি ও ব্যানারে সজ্জিত শ্রমিক দলের নেতাকর্মীদের স্লোগানে পুরো নয়াপল্টন এলাকা মুখরিত হয়ে ওঠে।
সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষস্থানীয় নেতারা।
দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ শুরু হয়। ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে আসা শ্রমিক ও সাধারণ মানুষের অংশগ্রহণে সমাবেশটি বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে।
সমাবেশ ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সমাবেশস্থল ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ দুপুরে বিজিবি সদর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।
গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানিয়েছিলেন, স্মরণকালের বৃহত্তম এই শ্রমিক সমাবেশে লাখো মানুষের সমাগম ঘটবে।
Comments