সয়াবিন তেলের দাম আবারও লিটারে বাড়ল ৪ টাকা
দেশের বাজারে ভোজ্যতেলের দাম আরও এক দফা বৃদ্ধির ঘোষণা দিয়েছে সরকার। বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই সিদ্ধান্তের কথা জানান।
বাণিজ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, সয়াবিন তেলের নতুন দাম কার্যকর হবে ।বোতলজাত সয়াবিন: বর্তমানে প্রতি লিটার ১৯৫ টাকায় বিক্রি হলেও এখন থেকে তা ১৯৯ টাকা দরে কিনতে হবে। খোলা সয়াবিন: বর্তমান দর ১৭৫ টাকা থেকে বাড়িয়ে প্রতি লিটার ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
সারাবিশ্বে পণ্যের মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, "বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দামের ওপর প্রভাব পড়েছে। আমরা আশা করি, সাধারণ ভোক্তারা বৈশ্বিক এই সংকট বিবেচনায় নিয়ে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।"
মন্ত্রী আরও জানান, বাজারে তেলের সরবরাহ ব্যবস্থা আগের চেয়ে স্বাভাবিক হবে বলে সরকার আশা করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোজ্যতেলের বাজারে কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ লক্ষ্যে বাজার মনিটরিং আরও জোরদার করা হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, "যেকোনো মূল্যবৃদ্ধিই ভোক্তার ওপর চাপ সৃষ্টি করে। তবে ভবিষ্যতে যদি আন্তর্জাতিক বাজারে দাম কমে, তবে দেশের বাজারেও দ্রুত তেলের দাম কমিয়ে আনা হবে।"
Comments