বিনিয়োগ বাড়াতে সুদের হার কমাবে সরকার: বাণিজ্যমন্ত্রী
দেশের বিনিয়োগের পরিবেশ উন্নত করতে এবং চলমান ব্যবসার প্রবৃদ্ধি বজায় রাখতে ঋণের সুদের হার কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর পূর্বাচলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত টেক্সটাইল ও পোশাক খাতের আন্তর্জাতিক প্রদর্শনী 'বিটিকেজি এক্সপো ২০২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, টেক্সটাইলের মতো প্রাথমিক শিল্পগুলোকে টিকিয়ে রাখতে ব্যবসার খরচ কমিয়ে আনা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি উল্লেখ করেন, ব্যবসার লাইসেন্স পাওয়ার দীর্ঘসূত্রতা বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে। তাই এখন থেকে আবেদনের পরপরই দ্রুত প্রফেশনাল লাইসেন্স বা ক্লিয়ারেন্স ইস্যু করার ব্যবস্থা নেওয়া হবে, যাতে স্থায়ী ছাড়পত্রের কাজ চলাকালীনই ব্যবসায়ীরা তাদের কার্যক্রম শুরু করতে পারেন।
দেশের বর্তমান গ্যাস ও জ্বালানি সংকট নিরসনে সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরে মন্ত্রী জানান: চাহিদার ঘাটতি মেটাতে এলএনজি আমদানি এবং নতুন টেন্ডারের মাধ্যমে দ্রুত জ্বালানি সরবরাহ বাড়ানো হচ্ছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বেসরকারি খাতের মাধ্যমে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের একটি বিশাল স্কিম ঘোষণা করতে যাচ্ছে সরকার। এতে সরকার প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেবে।
বাণিজ্যমন্ত্রী আরও জানান, করদাতার সংখ্যা বাড়িয়ে সাধারণ মানুষের ওপর করের বোঝা কমানোর বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাজ করছে। এছাড়া ব্যবসায়ীদের বন্ড রিনিউয়ালসহ অন্যান্য প্রশাসনিক জটিলতা নিরসনে এনবিআর শিগগিরই কার্যকর পদক্ষেপ নেবে বলে তিনি আশ্বস্ত করেন।
Comments