নিয়োগপত্রের দাবিতে ফের উত্তাল শাহবাগ, মুখোমুখি শিক্ষক-পুলিশ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়ায় আবারও রাজপথে নেমেছেন কয়েকশ চাকরিপ্রার্থী। আজ রবিবার সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড় ও জাতীয় জাদুঘরের সম্মুখ এলাকা শিক্ষক-পুলিশের মুখোমুখি অবস্থানে রণক্ষেত্রে রূপ নেয়।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ সকাল ১০টার দিকে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হতে থাকেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে মূল সড়কের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশি বাধার মুখে পড়েন। আন্দোলনকারীরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। এর ফলে শাহবাগ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং আন্দোলনকারীরা জাদুঘরের সামনের ফুটপাত ও সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
আন্দোলনরত শিক্ষকদের হাতে ছিল দাবিসম্বলিত নানা প্ল্যাকার্ড ও ফেস্টুন। আন্দোলনরত শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে জানান, চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর আড়াই মাস পার হয়ে গেলেও মন্ত্রণালয় বা অধিদপ্তর থেকে এখনো নিয়োগপত্র দেওয়া হয়নি। তাদের অভিযোগ, কোনো যৌক্তিক কারণ ছাড়াই নিয়োগ প্রক্রিয়া ঝুলিয়ে রাখা হয়েছে।
একজন আন্দোলনকারী সংবাদমাধ্যমকে বলেন, "আমরা সব প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত সুপারিশ পেয়েছি। অথচ এখনো আমাদের নিয়োগপত্র দেওয়া হচ্ছে না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।"
শাহবাগ এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিপুল সংখ্যক পুলিশ সদস্য জাদুঘর ও শাহবাগ মোড়ে মোতায়েন রয়েছে। আন্দোলনকারীরা তাদের অবস্থানে অনড় থেকে স্লোগান দিচ্ছেন। কর্তৃপক্ষ দ্রুত কোনো সিদ্ধান্ত না জানালে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দিয়েছেন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকরা।
নিয়োগপত্রের দাবিতে আন্দোলন শুরু করেছেন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকরা। রবিবার সকাল ১০টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি মিছিল শুরু করেন তারা।
মিছিল নিয়ে সড়কের ওপর যেতে চাইলে বাধা দেয় পুলিশ। ফলে শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।
প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ-আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থানে আন্দোলন চলমান ছিল।
Comments