ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম
রাজধানী ঢাকার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানম। একইসাথে ঢাকার বর্তমান ডিসি মো. রেজাউল করিমকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে।
আজ বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে প্রশাসনের এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা জানানো হয়।
ঢাকার ডিসি হিসেবে নিয়োগ পাওয়া ফরিদা খানম এর আগেও জেলা পর্যায়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পন্ন। ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান। চট্টগ্রামে এক বছর সফলভাবে দায়িত্ব পালনের পর তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছিল। এখন তিনি রাজধানীর প্রশাসনিক শীর্ষ পদের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর থেকেই জনপ্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের রদবদল চলছে। সচিব থেকে শুরু করে মাঠ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাদের পরিবর্তন ও পদায়নের মাধ্যমে প্রশাসনকে গতিশীল করার চেষ্টা করছে বর্তমান সরকার।
তথ্যমতে, গত ১ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত মাত্র এক মাসের ব্যবধানে তিন দফায় ২০টি জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছিল। প্রত্যাহারকৃতদের মধ্যে অনেকেই ছিলেন যারা নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগে নিয়োগ পেয়েছিলেন।
Comments