হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিত করল ইরান
উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ 'বাংলার জয়যাত্রা'-র নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়েছে ইরান। তুরস্কের আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামের পার্শ্ববৈঠকে দুই দেশের উচ্চপর্যায়ের আলোচনার পর এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ইতিবাচক অগ্রগতির কথা নিশ্চিত করে।
তুরস্কে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের যাতায়াত নির্বিঘ্ন করতে ইরানের ব্যক্তিগত মধ্যস্থতা ও সহযোগিতা কামনা করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, ইরান যখন হরমুজ প্রণালি পারাপারের অনুমতিপ্রাপ্ত ছয়টি দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছিল, তখন থেকেই বাংলাদেশ সরকার ও জনগণ দেশটির প্রতি কৃতজ্ঞ।
পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধের পর সাঈদ খাতিবজাদেহ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেন। পরে রোববার রাতে তিনি নিশ্চিত করেন যে: মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশি জাহাজের যাতায়াতে কোনো বাধা থাকবে না। ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে উপসাগরীয় অঞ্চলের ক্রমবর্ধমান অস্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। খলিলুর রহমান মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, "আঞ্চলিক শান্তি বজায় রাখতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে মতপার্থক্য নিরসন করতে হবে।"
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এই শান্তিকামী অবস্থানের প্রশংসা করেন এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে তেহরান সফরের আমন্ত্রণ জানান।
সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় বাংলাদেশের নৌ-পরিবহন ও বাণিজ্য খাত উদ্বেগের মধ্যে ছিল। ইরানের এই নতুন নির্দেশনার ফলে 'বাংলার জয়যাত্রা'সহ অন্যান্য বাংলাদেশি পতাকাবাহী জাহাজের আন্তর্জাতিক জলসীমায় যাতায়াত আরও নিরাপদ ও নির্বিঘ্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
Comments