হরমুজ প্রণালি সচলের উদ্যোগ: ৪০ দেশের জরুরি ভার্চুয়াল বৈঠকের ডাক
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় সচল করার লক্ষ্যে বড় ধরনের কূটনৈতিক তৎপরতা শুরু করেছে যুক্তরাজ্য ও ফ্রান্স। প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে আজ শুক্রবার একটি উচ্চপর্যায়ের ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠকে বিশ্বের প্রায় ৪০টি দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে, বৈঠকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় (১০ ডাউনিং স্ট্রিট) থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বনেতারা এই প্রণালিতে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে একটি 'আন্তর্জাতিক মিশন' গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা করবেন।
আশা করা হচ্ছে, বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলো ইরানে চলমান অস্থিরতা নিরসনে যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানাবে এবং সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার বিষয়ে একমত হবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই তেহরান হরমুজ প্রণালিটি কার্যত অবরুদ্ধ করে রাখে। এতে বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের সংকট তৈরি হয়। সম্প্রতি যুদ্ধবিরতির সম্ভাবনা দেখা দিলেও পরিস্থিতি আরও জটিল হয় গত সোমবার, যখন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে।
এদিকে ইরানের সঙ্গে চলমান সংঘাত নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে এক অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধ 'সাফল্যের সঙ্গে' এগিয়ে যাচ্ছে এবং এটি খুব শিগগিরই শেষ হবে।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও উল্লেখ করেন, যুদ্ধের অগ্রগতি সন্তোষজনক এবং তারা ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর খুব কাছাকাছি অবস্থানে রয়েছেন।
Comments