যুদ্ধবিরতি আরও দু’সপ্তাহ বাড়াতে চায় আমেরিকা-ইরান
চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে আমেরিকা ও ইরান। ব্লুমবার্গ সূত্রে জানা গেছে, শান্তি সমঝোতা নিয়ে চলমান আলোচনাগুলোকে আরও সময় দিতে এই সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব করা হয়েছে। হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা বিরাজ করলেও, দুই পক্ষের মধ্যে তাৎক্ষণিক সংঘর্ষের সম্ভাবনা কিছুটা কমেছে বলে সূত্রটি মনে করছে।
বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী সপ্তাহেই শেষ হতে যাচ্ছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার মতো বেশ কিছু বিতর্কিত বিষয় এখনও অমীমাংসিত। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, এসব সংবেদনশীল ইস্যু দীর্ঘমেয়াদি কোনো চুক্তি গঠনের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে; তাই আরও আলোচনার প্রয়োজন।
যুদ্ধবিরতি থাকলেও পশ্চিম এশিয়ায় অনিশ্চয়তা কমেনি। সরাসরি লড়াই ঠেকানো গেলেও পাল্টাপাল্টি হুমকি আশঙ্কাজনকভাবে বেড়েছে। সংঘাত শুরুর পর ইরান হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয়, আর গতকাল আমেরিকাও ইরানের কিছু বন্দর অবরোধ করেছে। এতে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচলে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
উল্লেখ্য, হোয়াইট হাউস প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, আমেরিকা আনুষ্ঠানিকভাবে এখনও যুদ্ধবিরতি বৃদ্ধির আবেদন করেনি এবং বিষয়টি বর্তমানে কেবল আলোচনা পর্যায়ে রয়েছে। তবুও বিভিন্ন সূত্র মারফত জানা গেছে, মার্কিন প্রশাসনের নীতি-নির্ধারণী পর্যায়ে এই বিকল্পটি বিবেচনাধীন রয়েছে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, প্রায় ৩৪ বছর পর ইসরায়েল ও লেবাননের নেতারা পুনরায় সরাসরি কথা বলবেন। গত মঙ্গলবার ওয়াশিংটনে আমেরিকার মধ্যস্থতায় আয়োজিত ত্রিপাক্ষিক বৈঠকের পর উভয় দেশ ভবিষ্যতে আরও আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছিল। তবে কাদের মধ্যে সরাসরি কথাবার্তা হবে, সে বিষয়ে ইসরায়েল বা লেবানন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
Comments