"সরাইল হাসপাতাল নিজেই মুমূর্ষু রোগী"- সংসদে রুমিন ফারহানার ক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা নিজ নির্বাচনী এলাকার স্বাস্থ্যসেবার বেহাল দশা নিয়ে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন। সরাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরাজীর্ণ অবস্থা তুলে ধরতে গিয়ে তিনি মন্তব্য করেন, "সরাইলের হাসপাতাল নিজেই এখন একটা রোগীর মতো।"
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সংসদ অধিবেশনে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা জানান, সরাইল উপজেলার নয়টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লক্ষ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা এই হাসপাতালটি। কিন্তু জনসংখ্যার তুলনায় সুযোগ-সুবিধা অত্যন্ত নগণ্য। তার বক্তব্যে উঠে আসা প্রধান সমস্যাগুলো হলো: বিশাল জনসংখ্যার বিপরীতে হাসপাতালটি মাত্র ৫০ শয্যা বিশিষ্ট। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসক ও কর্মচারীসহ মোট ৬৪টি পদ শূন্য রয়েছে।
প্রয়োজনীয় ওষুধ, আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি এবং পর্যাপ্ত কর্মচারীর তীব্র সংকট বিদ্যমান।
হাসপাতালের অবকাঠামোগত সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, ১০ কোটি টাকা ব্যয়ে একটি নতুন ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সংশ্লিষ্ট ঠিকাদার পালিয়ে যাওয়ায় সেই কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে আছে। বর্তমানে বাধ্য হয়ে পুরনো একটি দোতলা ভবনে অত্যন্ত ঝুঁকি ও সীমাবদ্ধতার মধ্যে চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে।
পর্যাপ্ত চিকিৎসক নেই, ভবন নির্মাণের কাজ বন্ধ এবং প্রয়োজনীয় ওষুধের অভাবে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এখন নিজেই 'চিকিৎসা প্রার্থী'। এই সংকট নিরসনে দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করেছেন এই সংসদ সদস্য।
Comments