আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়াল এনবিআর
স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার বাদে অন্যান্য সকল শ্রেণির করদাতার জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, করদাতারা আগামী ১৫ মে, ২০২৬ পর্যন্ত ২০২৫-২০২৬ করবর্ষের রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবেন।
আজ সোমবার (১৩ এপ্রিল) এনবিআরের পক্ষ থেকে জারি করা এক আদেশে সময় বৃদ্ধির এই ঘোষণা দেওয়া হয়।
যেসব করদাতার অর্থবছর ৩০ জুন ২০২৫ তারিখে শেষ হয়েছে, তাদের রিটার্ন জমার শেষ সময় ১৫ মে পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে।
আয়কর আইন, ২০২৩-এর ৩৩৪ ধারার (খ) দফা অনুযায়ী প্রাপ্ত ক্ষমতাবলে এনবিআর এই সময় বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এই বর্ধিত সময়সীমা মূলত কোম্পানি ও নির্দিষ্ট ক্যাটাগরির করদাতাদের জন্য প্রযোজ্য (স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার এর অন্তর্ভুক্ত নয়)।
সংশ্লিষ্ট করদাতাদের সুবিধার্থে এবং রিটার্ন দাখিল প্রক্রিয়া নির্বিঘ্ন করতেই এই বাড়তি সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনবিআর।
Comments