বিচারক নিয়োগ ও পৃথক সচিবালয় অধ্যাদেশ বাতিল: পুরনো নিয়মে ফিরছে বিচার বিভাগ
অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে জারি করা 'সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ' এবং 'স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা' সংক্রান্ত অধ্যাদেশগুলো বাতিল করেছে জাতীয় সংসদ। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিরোধী দলের তীব্র আপত্তির মুখে সংসদে এ সংক্রান্ত দুটি রহিতকরণ বিল পাস হয়।
অধ্যাদেশগুলো বাতিলের ফলে বিচারক নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো আইন আর থাকছে না। এখন থেকে সংবিধানের পুরনো নিয়ম অনুযায়ী (প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতির মাধ্যমে) বিচারক নিয়োগ দেওয়া হবে। পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত হওয়ায় নিম্ন আদালতের প্রশাসনিক নিয়ন্ত্রণ, বদলি ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব আবারও আইন মন্ত্রণালয়ের অধীনে চলে যাচ্ছে। জামায়াতে ইসলামী ও এনসিপি'র সংসদ সদস্যরা একে বিচার বিভাগের স্বাধীনতার ওপর 'নগ্ন হস্তক্ষেপ' বলে দাবি করেন। তারা আশঙ্কা প্রকাশ করেন যে, এর ফলে নিম্ন আদালতকে আবারও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের সুযোগ তৈরি হবে।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, সরকার বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। আরও স্বচ্ছ ও যুগোপযোগী আইন প্রণয়নের লক্ষ্যে অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য বর্তমান অধ্যাদেশগুলো রহিত করা হয়েছে। পরবর্তীতে নতুন আইন আনা হবে। অধ্যাদেশগুলোর অধীনে ইতিমধ্যে নিয়োগপ্রাপ্ত ২৫ জন বিচারকের নিয়োগসহ গৃহীত কার্যক্রমগুলো বৈধ হিসেবেই গণ্য হবে।
Comments