এখনই অনলাইন ক্লাসের পরিকল্পনা নেই: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
বর্তমান পরিস্থিতিতে এখনই অনলাইন ক্লাসের দিকে যাওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ সোমবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, সরকার বা মন্ত্রিসভা এই মুহূর্তে প্রাথমিক স্তরে অনলাইন শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে কোনো বড় পরিকল্পনা করছে না। তবে শিক্ষা খাত নিয়ে সরকারের দীর্ঘমেয়াদী রূপরেখা রয়েছে। তিনি বলেন, "আমাদের প্রধান লক্ষ্য হলো অতীতের ঝুলে থাকা কাজগুলো দ্রুত সম্পন্ন করে প্রাথমিক শিক্ষা খাতকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া।"
প্রাথমিক শিক্ষায় সরকারি বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কড়াকড়ি আরোপের কথা জানিয়ে ববি হাজ্জাজ বলেন, "শিক্ষার মানোন্নয়ন ও বাজেটের কার্যকর ব্যয় নিশ্চিত করতেই এই পরিদর্শন। আগামী মে-জুন মাসের মধ্যে সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক স্কুলগুলো পর্যায়ক্রমে পরিদর্শন করা হবে।"
উল্লেখ্য, বৈশ্বিক জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ সাশ্রয় করতে শিক্ষা মন্ত্রণালয় সপ্তাহে ৬ দিন ক্লাসের একটি প্রাথমিক পরিকল্পনা করছে। গতকাল রোববার (৫ এপ্রিল) শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন: সপ্তাহে ৩ দিন অনলাইনে এবং ৩ দিন সশরীরে ক্লাস নেওয়ার একটি প্রস্তাবনা বিবেচনায় আছে। শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থেকেই অনলাইন পাঠদান পরিচালনা করবেন। ব্যবহারিক ক্লাসগুলো সশরীরে অনুষ্ঠিত হবে।
শিক্ষামন্ত্রী আরও জানান, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার পর বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে এবং চলতি সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর আজকের বক্তব্যে স্পষ্ট যে, প্রাথমিক স্তরে এখনই আমূল পরিবর্তনের সম্ভাবনা কম।
Comments