সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তারিখ নির্ধারণে আজ বৈঠক
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তারিখ ও তফসিল চূড়ান্ত করতে আজ সোমবার (৬ এপ্রিল) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এই কমিশন সভায় ভোটের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসুদ।
ইসি সূত্রে জানা গেছে, আজকের সভায় ভোটগ্রহণের জন্য মূলত দুটি সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হবে: আগামি ১০মে ২০২৬ অথবা ১২মে।
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসুদ জানান, আজকের বৈঠকেই তারিখ নির্ধারণ হবে এবং সম্ভাবনা রয়েছে আজই তফসিল ঘোষণার। তবে কমিশন চাইলে তফসিল পরবর্তী কোনো দিনেও ঘোষণা করতে পারে। আইন অনুযায়ী, আগামী ১৪ মে'র মধ্যে এই নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।
বিদ্যমান আইন অনুযায়ী, জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসন সাধারণ নির্বাচনে প্রাপ্ত আসনের ভিত্তিতে দলগুলোর মধ্যে আনুপাতিক হারে বণ্টন করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের ফলাফল অনুযায়ী আসন প্রাপ্তির সম্ভাব্য চিত্র: আনুপাতিক হিসাব করলে বিএনপি প্রায় ৩৬টি, জামায়াতে ইসলামী ১২টি, স্বতন্ত্ররা জোট করলে ২টি এবং এনসিপি একটি সংরক্ষিত নারী আসন পেতে পারে। তবে ছোট দলগুলো এককভাবে আসন পাওয়ার মতো সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ায়, তারা জোটবদ্ধ না হলে কোনো সংরক্ষিত আসন পাবে না।
ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন জানিয়েছেন, সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের ৩০ কার্যদিবসের মধ্যে দলগুলোর জোটগত অবস্থান নিশ্চিত করার সময়সীমা গতকাল (৫ এপ্রিল) শেষ হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে আজ ৬ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা এই নির্বাচনে ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করবেন।
Comments