নতুন সরকারের অধীনে প্রথম একনেক বৈঠকে প্রাধান্য পাচ্ছে ১৭ প্রকল্প
নবগঠিত সরকারের অধীনে আজ সোমবার প্রথমবার বসছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা। প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।
বরাবরের মতো পরিকল্পনা কমিশনে বৈঠক না করে এবার প্রথা ভেঙে সচিবালয়ে এর আয়োজন করা হয়েছে। ভেন্যু পরিবর্তনের এই সিদ্ধান্তটি গত রাতে আকস্মিকভাবে জানানো হয়।
আজকের বৈঠকে মোট ১৭টি প্রকল্প অনুমোদনের জন্য উত্থাপন করা হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা। ১৭টির মধ্যে ৯টিই একদম নতুন প্রকল্প। বাকি ৮টি প্রকল্পের মেয়াদ বা ব্যয় সংশোধন নিয়ে আলোচনা হবে।
এবারের এজেন্ডায় আলোচিত 'পদ্মা ব্যারেজ প্রকল্প' রাখা হয়নি। তবে ঢাকার পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিশেষ আলোচনার সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে নতুন একনেক কমিটি গঠন করা হয়। এই কমিটির বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণে আজকের এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Comments