সংবিধান জামায়াতের পরাজয়ের দলিল, তাই তারা এটি ছুড়ে ফেলতে চায়: চিফ হুইপ
সংবিধানকে জামায়াতে ইসলামীর 'পরাজয়ের দলিল' হিসেবে আখ্যায়িত করেছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মণি। শুক্রবার (৩ এপ্রিল) সকালে রাজধানীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
চিফ হুইপ বলেন, জামায়াতে ইসলামী বর্তমান সংবিধানকে মেনে নিতে পারছে না কারণ এটি তাদের রাজনৈতিক পরাজয়ের সাক্ষ্য বহন করে। এ কারণেই তারা এই সংবিধানকে ছুড়ে ফেলে দিতে চায়।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি দাবি করেন, বিগত সময়ে দেশ থেকে ২৭ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, যুবলীগের সদস্যদের অস্ত্রের লাইসেন্স পেতে কোনো নিয়ম মানতে হতো না; তারা চাইলেই অনায়াসে অস্ত্রের লাইসেন্স পেয়ে যেতেন।
নুরুল ইসলাম মণি উল্লেখ করেন যে, তারেক রহমান দেশে টাকা চুরি করতে আসেননি, বরং তিনি চান দেশের প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী ও সোজা হয়ে দাঁড়াক।
জনগণের স্বাধীনতা ও সুশাসন নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, সরকার 'জুলাই সনদ'-এর বিপক্ষে নয়, বরং এটি পুরোপুরি বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আলোচনা সভায় চিফ হুইপ বিরোধী ও বিগত সরকারের নানা কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন এবং দেশের গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে বর্তমান সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
Comments