জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাদের পলেস্তারা খসে ২ শিক্ষার্থী আহত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজ্ঞান ভবনে ক্লাস চলাকালীন ছাদের পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে গণিত বিভাগের একটি সেমিনার রুমে এই দুর্ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত শিক্ষার্থীরা হলেন— গণিত বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মাহফুজুর রহমান ও তানভীর নিয়াজ ফাহিম।
প্রত্যক্ষদর্শী ও গণিত বিভাগের শিক্ষার্থী তানজিল আল সিয়াম জানান, সেমিনার রুমে ক্লাস চলাকালীন হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়ে সরাসরি শিক্ষার্থীদের ওপর পড়ে। এতে দুজন আহত হন। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনসহ পুরোনো ভবনগুলো দীর্ঘদিন ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর আগে সংস্কারের নামে একাধিকবার শিক্ষা কার্যক্রম স্থগিত করা হলেও কার্যত কোনো মানসম্মত সংস্কার হয়নি। যার ফলে আজ এই দুর্ঘটনার শিকার হতে হলো নবীন শিক্ষার্থীদের।
দুর্ঘটনার খবর পেয়ে উপাচার্য রইস উদ্দিন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তরকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
তবে প্রশাসনের আশ্বাসে সন্তুষ্ট হতে না পেরে গণিত বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ শেষে তাঁরা উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে শিক্ষার্থীরা তিনটি প্রধান দাবি তুলে ধরেন: অবিলম্বে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর স্থায়ী ও মানসম্মত সংস্কার। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিকল্প স্থানে ক্লাসের ব্যবস্থা। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দায়ীদের জবাবদিহিতা।
Comments