৬০৪ কোটি টাকার হামের টিকা কিনছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
দেশে হামের ক্রমবর্ধমান সংক্রমণ ও প্রাদুর্ভাব ঠেকাতে জরুরি ভিত্তিতে টিকা সংগ্রহের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের মাধ্যমে দ্রুততম সময়ে এই টিকা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন তিনি। আজ সোমবার এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী জানান, নতুন করে হামের টিকা কেনার জন্য এরই মধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ঢাকা ও রাজশাহীসহ যেসব এলাকায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় নেওয়া উল্লেখযোগ্য পদক্ষেপগুলো হলো:
বেশ কিছু হাসপাতালে হামের রোগীদের জন্য বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। রাজশাহী এবং মানিকগঞ্জের হাসপাতালগুলোতে ভেন্টিলেটর সংখ্যা বাড়ানো হয়েছে। সম্ভাব্য জরুরি পরিস্থিতি সামাল দিতে হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসক ও নার্স প্রস্তুত রাখা হয়েছে।
২০১৮ সালের পর থেকে দেশে হামের টিকার কোনো বড় ধরণের ক্যাম্পেইন না হওয়ার বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, এই শূন্যতা কাটিয়ে উঠতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সে লক্ষ্যেই দ্রুত ইউনিসেফের মাধ্যমে টিকা সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে।
সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, বাংলাদেশের স্বাস্থ্যখাতের সামগ্রিক উন্নয়নে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র। কোন কোন খাতে এবং কী ধরনের সহযোগিতা প্রয়োজন, তা নির্ধারণে দুই দেশের অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে একটি ৫ সদস্যের কমিটি গঠন করা হবে।
মন্ত্রী আরও বলেন, "আগামী মে মাসের মধ্যে এই কমিটির মাধ্যমে একটি চূড়ান্ত পরিকল্পনা প্রণয়ন করা হবে। এরপরই স্বাস্থ্যখাতের উন্নয়নে বাংলাদেশের সাথে কাজ শুরু করবে যুক্তরাষ্ট্র।"
হাম একটি অতিসংক্রামক রোগ হওয়ায় শিশুদের সুরক্ষায় দ্রুত টিকা নিশ্চিত করা এবং লক্ষণ দেখা দিলে দেরি না করে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
Comments