প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল-সুখবর দিলেন বিদ্যুৎমন্ত্রী
বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ ও আর্থিক চাপ লাঘব করতে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) এক প্রেস ব্রিফিংয়ে এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
দীর্ঘদিন ধরেই সাধারণ গ্রাহকরা মিটারের অতিরিক্ত চার্জ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন। গ্রাহকদের অভিযোগ ছিল, মিটারের প্রকৃত দাম পরিশোধ হয়ে যাওয়ার পরও বছরের পর বছর এই ভাড়া নেওয়া হচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন নাগরিক সংগঠনের পক্ষ থেকে এই চার্জ বাতিলের জন্য জোরালো আন্দোলন গড়ে উঠেছিল।
মন্ত্রী বলেন- "প্রিপেইড মিটারে চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে এক ধরনের অসন্তোষ ছিল। আমরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই আমরা দ্রুত এই মিটার চার্জ পদ্ধতি তুলে দিচ্ছি।"
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা ভাড়া হিসেবে গুণতে হয়। মন্ত্রীর এই ঘোষণার ফলে দ্রুতই এই প্রথা বন্ধ হতে যাচ্ছে, যা সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের জন্য একটি বড় স্বস্তির খবর।
Comments